
ব্রাসিলিয়া, ৯ আগস্ট – দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট এবং একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। তারা কলম্বিয়া থেকে পর্যটক হিসেবে ব্রাজিলে এসেছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
এই দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে পর্যটকবাহী হেলিকপ্টার ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন যে, নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তত এক বা দুই সপ্তাহের জন্য এই ফ্লাইটগুলো বন্ধ রাখা হোক।
মেয়র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির সাথে যোগাযোগ করেছেন। তিনি অবিলম্বে হেলিকপ্টারগুলোর যান্ত্রিক পরীক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জানা গেছে, দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে ঘটেছে। ওই এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কারণ সেখান থেকে শহরের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ও উপকূলীয় এলাকার সৌন্দর্য দেখা যায়।
রিওতে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানিয়েছেন, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। তারা পরিবারের এক সদস্যের জন্মদিন উদযাপন করতে ব্রাজিলে এসেছিলেন। পরিবারের মোট ছয়জন সদস্য দুই দলে ভাগ হয়ে আলাদাভাবে হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ওই পরিবারের এক তরুণীর দাদি, খালা এবং এক কাজিন রয়েছেন।
এনএন/ ৯ আগস্ট ২০২৬





