২০২২ সালের ডিসেম্বরের রাত। কাতারের মাঠে তখনো খেলা শেষ হয়নি, কিন্তু মরক্কোর মারাকেশের প্রধান চত্বর জেমা এল-ফনা সরগরম ড্রাম, গান আর স্লোগানের কোরাসে।
পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো উঠে গেল সেমিফাইনালে, উৎসবে ফেটে পড়ল মারাকেশ। শুধু মারাকেশ নয়, সেদিন কাসাব্লাঙ্কা, রাবাত, ফেজ জেগে রইল সারা রাত। চার বছর পর হয়তো আরও একবার রাত জাগতে হবে মরক্কোকে—ব্রাজিলকে বিশ্বকাপে হারানোর সুযোগ তো সব সময় আসে না!
ব্রাজিল–মরক্কো ম্যাচটা এই বিশ্বকাপে আলাদা মনোযোগ দাবি করছে অনেক কারণেই। মরক্কোর সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাটা যে কোনো অঘটন ছিল না, মরক্কো গত চার বছরে তা প্রমাণ করেছে। সেই বিশ্বকাপে পর্তুগালকে হারানোর আগে গ্রুপ পর্বে বেলজিয়াম আর দ্বিতীয় রাউন্ডে স্পেনকে হারিয়েছিল তারা। কাকতালীয়ই বটে, এই পর্তুগাল আর স্পেনের সঙ্গে মিলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো।



