মেজর লিগ সকারে লিওনেল মেসির ইন্টার মিয়ামি শেষ ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্র তুলে উড়ছিল। সে যাত্রা থেমে বুধবার দেখল হারের মুখ। সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টাইন কিংবদন্তির দল। মেসিদের হারের দিনে জ্বলে উঠেছেন সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্ডার।
ঘরের মাঠে ইন্টার মিয়ামিকে একেবারে নাস্তানাবুদ করেছে সিনসিনাটি। প্রথমার্ধে ২৬ মিনিটে মিয়ামির জালে বল জড়ান জেরার্ডো ভ্যালেনজুয়েলা। ব্রাজিলিয়ান ইভান্ডার দ্বিতীয়ার্ধে ৫০ ও ৭০ মিনিটে জোড়া গোল দেন মিয়ামির জালে।
লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ইভান্ডার। যা তার ক্লাবের হয়ে প্রথম। চলতি মৌসুমে ইভান্ডার সিনসিনাটির হয়ে করেছেন ১৫ গোল।
পুরো ম্যাচে অন টার্গেটে মাত্র ২টি শট নিতে পারে মিয়ামি। সিনসিনাটির শক্তিশালী রক্ষন ভেদ করাটা কষ্টসাধ্য হয়ে পরে তাদের। প্রথমার্ধে দুটি শট নিয়ে ব্যর্থ হন মেসি।
৩৮ বর্ষী মেসি লিগে গত টানা পাঁচ ম্যাচে করেছিলেন জোড়া গোল। তার ক্যারিয়ারে ২০১২ সালের পর প্রথম। শেষ সাত ম্যাচে মিয়ামির হয়ে করেছেন ১১ গোল।
মিয়ামি কোচ মেসির একসময়ের সতীর্থ স্বদেশী হাভিয়ের মাশ্চেরানো ম্যাচ শেষে বলেছেন, ‘ম্যাচের ফলাফল ও হার নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের পরিকল্পনামতো খেলতে পারিনি। প্রতিপক্ষ আমাদের পুরো ম্যাচজুড়ে চাপে রেখেছিল ও সহজেই হারিয়েছে।’
সিনসিনাটির ঘরের মাঠে শেষ দুই ম্যাচে ৯ গোল হজম করল মিয়ামি। টিকিউএল স্টেডিয়ামে আগের ম্যাচে ৬-১ গোলের বড় হার দেখতে হয়েছিল মেসির দলকে।





