ব্রাজিলকে ঘরে ডেকে এক হালি গোল খাওয়াল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

ব্রাজিলকে ঘরে ডেকে এক হালি গোল খাওয়াল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘরে ডেকে এনে এক হালি গোল দিয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাছে কোনোভাবেই পাত্তা পায়নি সেলেসাওরা। এ ম্যাচের ঘণ্টাখানেক আগেই বিশ্বকাপের টিকিটও হাতে পেয়েছিলেন বিশ্বজয়ী মেসি-আলভারেজরা।

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে গুণে গুণে এক হালি গোল দিয়েছেন আলভারেজ- সিমিওনেরা। শুরুর চার মিনিটের মাথায় প্রথমটা শুরু করেন জুলিয়ান আলভারেজ। ১২ মিনিটের সময় সেই ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফেরনান্দেস। তখনই ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

;

ম্যাচের তৃতীয় গোল করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ব্রাজিল। ১৬ মিনিটে ম্যাথিয়াস কুনহা গোল করলে ২-১ ব্যবধান দাঁড়ায়। তবে ৩৭ মিনিটে লিভারপুলের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেন। ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।

ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জুলিয়ানো সিমিওনে। তার ৭১ মিনিটের গোলে স্পষ্ট ব্যবধান তৈরি করে, ৪-১ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। ওই অবস্থা থেকে আর ফেরার রাস্তা ছিল না নেইমারবিহীন দলের।

বিশ্বকাপের বাছাইপর্বে নির্ভার হয়েই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই পেয়ে যাবে আগামী বিশ্বআসরে খেলার টিকিট সমীকরণ ছিল এমন। অবশ্য তার ঘন্টাখানিক আগেই সেই সুসংবাদ পেয়েছিল দলটি। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ ড্র হওয়াতে সেটা সম্ভব হয়।

লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ৩১, দুইয়ে আছে ইকুয়েডর, পয়েন্ট ২৩, তিনে উরুগুয়ে ২১ পয়েন্টে এবং সমান ২১ পয়েন্টে চারে নেমে গেছে ব্রাজিল।

ফিফার চলতি আন্তর্জাতিক বিরতিতে দুদলই নিজের প্রথম ম্যাচে জিতেছিল। ব্রাজিল হারিয়েছিল কলম্বিয়াকে, আর্জেন্টিনা হারিয়েছিল উরুগুয়েকে।

Scroll to Top