কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই সহোদর ভাই ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)–এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আজ (১২ মে) সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।
জানা গেছে, গত শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে দুই ভাই। এরপর তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় দুই দিন ধরে তল্লাশি চালানো হয়, কিন্তু তাদের সন্ধান মেলেনি।
ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এরপর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







