
ঢাকা, ৭ সেপ্টেম্বর – ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি সুশৃঙ্খল ও নিবন্ধিত ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে উত্থাপিত এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
তিনি বলেন, অটোরিকশাচালকদের কর্মসংস্থান বজায় রেখে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুতই নতুন নীতিমালা ও বিধিমালা কার্যকর করা হবে। এই নীতিমালার অধীনে প্রতিটি অটোরিকশার ব্যাটারিতে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে। এর ফলে একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক রিকশা চালানোর সুযোগ আর থাকবে না। একই সঙ্গে লেড এসিড ব্যাটারি তুলে দিয়ে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহার এবং এলাকাভিত্তিক রিকশা চলাচলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অধিবেশনে রেহানা আক্তার রানু রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ক্যামেরার সুফল এবং অটোরিকশার কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এআই ক্যামেরায় সিগন্যাল অমান্য করার মতো অনিয়ম শনাক্ত হলেও নম্বর প্লেট না থাকায় অটোরিকশাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত এক দশকে তিন চাকার এই যানগুলো গ্রামীণ ও নগর পরিবহনের প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত থাকলেও অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে বিদ্যুৎ সাশ্রয় এবং সড়ক নিরাপত্তায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
সারাদেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি হুইলার রয়েছে যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে সরকারের প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়নে রাজধানীর তেজগাঁও ও রমনা বিভাগে আরও ২০০টি এআই ক্যামেরা বসানোর কাজ চলছে বলেও মন্ত্রী জানান। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে চূড়ান্ত হওয়া নতুন নীতিমালায় ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া ও ট্র্যাকিং সিস্টেমের রূপরেখা নিশ্চিত করা হয়েছে।
সরকার জাতীয় স্বার্থ এবং সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এই নীতিমালার পূর্ণ প্রয়োগ ঘটাবে বলে সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬
