ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ | চ্যানেল আই অনলাইন

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ | চ্যানেল আই অনলাইন

দেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিকভাবে সহজ শর্তে যে কোন ব্যাংকে চালু হলো ই-ঋণ ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন।

সোমবার ১১ মে এ বিষয়ে নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ছয় মাসের জন্য পাইলট প্রকল্প হিসেবে ই-ঋণ কার্যক্রম চালু করতে হবে। সফল হলে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এক মেয়াদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ দেওয়া যাবে এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।

নীতিমালায় বলা হয়েছে, ঋণখেলাপিরা এই সুবিধা নিতে পারবেন না। এজন্য ব্যাংকগুলোকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে। ঋণ বিতরণের পর কেউ খেলাপি হিসেবে শনাক্ত হলে দ্রুত ঋণ সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহক নির্বাচন, আবেদন, যাচাই ও ঋণ অনুমোদন সব কিছুই ডিজিটাল বা অনলাইনে সম্পন্ন করতে হবে। সিআইবি তথ্য যাচাইয়ের জন্য কোনো ধরনের ফি নেওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। ই-ঋণের সুদহার হবে বাজারভিত্তিক। তবে পুনঃঅর্থায়ন সুবিধা থাকলে সুদের হার হবে ৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহকের পরিচয় যাচাইয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন, ওটিপি এবং দ্বি-স্তর বা বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতে হবে। এছাড়া গ্রাহকের তথ্য পুরোপুরি সুরক্ষিত রাখতে হবে এবং কোনো তৃতীয় পক্ষের কাছে তথ্য দেওয়া যাবে না। নীতিমালায় বলা হয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নগদবিহীন অর্থনীতির দিকে রূপান্তর ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, সব গ্রাহক ও ঋণসংক্রান্ত তথ্য দেশের অভ্যন্তরে সংরক্ষণ করতে হবে এবং তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা আইন মেনে চলতে হবে।

Scroll to Top