ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা ব্যবস্থা চালু – DesheBideshe

ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা ব্যবস্থা চালু – DesheBideshe


ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা ব্যবস্থা চালু – DesheBideshe

ওয়াশিংটন, ২৪ মে – অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা শিডিউলিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার চার দিনের ভারত সফরে এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।

নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বিনিয়োগ এবং কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করা। বিশেষ করে ভারতীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী কর্মকর্তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে।

রুবিও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের অংশীদারত্ব ক্রমে বাড়ছে। তিনি জানান, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

এর পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ভিসা প্রক্রিয়ার জটিলতা প্রায়ই ব্যবসায়িক সফর ও আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নতুন এই প্রযুক্তিভিত্তিক টুল সেই জটিলতা দূর করতে সাহায্য করবে।

এই পদ্ধতির আওতায় আবেদনকারীর সফরের উদ্দেশ্য এবং গুরুত্ব বিবেচনা করে দ্রুত সাক্ষাৎকারের সময় দেওয়া হবে। এতে যারা বিনিয়োগ বা বাণিজ্যিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকবেন, তারা সাধারণের চেয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই প্রক্রিয়া মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তাদের কাজ সহজ করার পাশাপাশি খরচ সাশ্রয় এবং কর্মদক্ষতা বাড়াবে বলে আশা করছে ওয়াশিংটন।

এস এম/ ২৪ মে ২০২৬



Scroll to Top