বোল্যান্ড-স্টার্ক তোপে দিশেহারা ভারত দুইশর আগেই অলআউট | চ্যানেল আই অনলাইন

বোল্যান্ড-স্টার্ক তোপে দিশেহারা ভারত দুইশর আগেই অলআউট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে প্রথমদিন ভালো যায়নি রোহিত শর্মাকে বাদ রেখে খেলতে নামা জাসপ্রিত বুমরাহদের। প্রথমদিন শেষ হওয়ার কয়েক ওভার আগে সফরকারীরা অলআউট হয়েছে ১৮৫ রানে। ৯ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করেছে অজিরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের সিরিজে সমতায় আসার ম্যাচে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। নেতৃত্ব নিয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত দেন বুমরাহ। সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে ভারতের দিকে, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দলটি।

চতুর্থ টেস্টের মতো বিতর্কের জন্ম দিয়েছে কোহলির ব্যাট ছুঁয়ে স্মিথের কাছে আসা ক্যাচ। মার্নাস লাবুশেন-স্মিথ যৌথ প্রযোজনায় ক্যাচ সম্পন্ন করলেও থার্ড আম্পায়ার জোয়েল উইলসন খুশি হতে পারেননি, দেন নটআউটের সিদ্ধান্ত। অবশ্য পরে স্মিথ বলেছেন ক্যাচটিতে শতভাগ আউট হয়েছেন কোহলি। অজিদের হয়ে অভিষেক হয়েছে ৩১ বর্ষী অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের।

দুর্দান্ত বল করে ভারতের ধস নিশ্চিত করেছেন ডানহাতি পেসার স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমদিকে দ্রুত উইকেট হারানো ভারতের হাল ধরেছিলেন রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। সর্বোচ্চ রান করা পান্টকে (৪০) আউট করেন বোল্যান্ড, জাদেজাকে (২৬) আউট করেন স্টার্ক।

GOVT

বোল্যান্ড ৩১ রান দিয়ে ৪ উইকেটের পর ৪৯ রানে ৩ উইকেট নেন স্টার্ক। ৩৭ রান দিয়ে ২টি উইকেট পান কামিন্স। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচ জিততেই হবে ভারতকে।

Shoroter Joba

Scroll to Top