বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ খেলতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে পাকিস্তান হকি দল। রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে অবস্থান করতে হয়েছে বলেও আলোচনা চলছিল। এবার অভিযোগ উঠেছে নিজেরাই নাকি খাবার রান্না করে খেয়েছেন হকি খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ হেরে দুই পর্ব মিলিয়ে জয়শূন্য অভিযান শেষ করে গত মঙ্গলবার লাহোরে ফিরেছে পাকিস্তান হকি দল। পরে দলটির অধিনায়ক আম্মাদ শাকিব বাট জানান, খেলোয়াড়দের নিজেদেরই রান্না করা এবং রান্নাঘর পরিষ্কার করতে হয়েছিল। এছাড়া দল হোটেলে পৌঁছালে হোটেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেমেন্ট করা হয়নি। এরপর বিষয়টি নিয়েও বেগ পেতে হয়েছিল খেলোয়াড়দের। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, হোবার্টে আবাসনসংক্রান্ত গুরুতর ত্রুটির কথা। বিশেষ করে নির্ধারিত সময়ের পর হোটেল বুকিং এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে খেলোয়াড়দের। তাদের এমন অসন্তুষ্টি খেলার প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। হকি ফেডারেশনের সভাপতি তারিক হুসেইন বুগতি ডন-কে বলেছেন, ‘হোটেল বুকিং, বিমান ভ্রমণ, টিএ/ডিএ এবং ভিসাসহ সব লজিস্টিক ও আর্থিক দায়িত্ব পাকিস্তানের স্পোর্টস বোর্ডের (পিএসবি) ওপর ন্যস্ত ছিল। ক্রীড়াবিষয়ক সিনেট স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী এফআইএইচ প্রো লিগে দলের অংশগ্রহণসংক্রান্ত আর্থিক বিষয়গুলো পিএসবি দেখভাল করবে। পিএইচএফ সিনেট কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এসব বিষয়ে হস্তক্ষেপ করছে না। আমাদের অগ্রাধিকার ছিল গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে।’ অন্যদিকে, পিএসবি’র কর্মকর্তা রানা নাসরুল্লাহ পাল্টা দাবি করেছেন, ‘টিম ম্যানেজমেন্টের কাছে পর্যাপ্ত অর্থ ছিল এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছেও ১,৬৫০ মার্কিন ডলার ছিল। তহবিল থাকলে আবাসন নিয়ে অব্যবস্থাপনা কেন হলো? সঠিক রান্নাব্যবস্থাও ছিল না, খেলোয়াড়দের নিজেদের খাবার প্রস্তুত করতে হয়েছে।’ পিএসবি ও পিএইচএফ মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে ফেডারেল ক্রীড়ামন্ত্রী রানা সানাউল্লাহ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছেন। প্রধানমন্ত্রীর তদন্তের নির্দেশের বিষয়টিকে স্বাগত জানিয়েছে পিএইচএফ ও পিএসবি। তদন্তের নির্দেশনা দিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতিতে জানিয়েছে, ‘গণমাধ্যমে প্রকাশিত হকি সংশ্লিষ্ট অব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নজর দিয়েছেন এবং তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

Scroll to Top