প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। তা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) বা গুলি ব্যবহার করা হয়নি।
ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন—এমনটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। বাস্তবে আইনানুগ প্রক্রিয়ায় দায়িত্ব পালনকালে পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হন।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।



