বেআইনি গুদামগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

বেআইনি গুদামগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর মিরপুর রূপনগরে ক্যামিকেল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বেআইনি গুদামগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

আজ ১৫ অক্টোবর বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সমাজসেবা অধিদপ্তর। ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনিভাবে পরিচালিত হচ্ছিলো এই কেমিকেল গুদাম। দুর্ঘটনা রোধে এমন অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

উদ্ধার তৎপরতা বুয়েট বিশেষজ্ঞ দলের পরামর্শে পরিচালিত হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাহির থেকে তালাবদ্ধ গুদামের ভেতরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে বুধবার সকাল থেকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় এখনও নিখোঁজদের কোনো হদিস দিতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল থেকে নিখোঁজদের স্বজনরা ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন, তবে ২৪ ঘণ্টা পার হলেও সেখানে নিখোঁজদের তালিকা বা তথ্য প্রদানের জন্য কোনো বিশেষ ডেস্ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বিপজ্জনক রাসায়নিক পদার্থ মজুত থাকায় উদ্ধারকাজে বাড়তি ঝুঁকি রয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দলের মূল্যায়ন শেষে গুদামের ভেতরে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হবে।

Scroll to Top