বেআইনি কর্মকাণ্ডে ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরকে বরখাস্তের আহ্বান | চ্যানেল আই অনলাইন

বেআইনি কর্মকাণ্ডে ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরকে বরখাস্তের আহ্বান | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের পদ থেকে তাকে বরখাস্ত করার অনুরোধ জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, মন্ত্রী বেন গাভির বারবার পুলিশ কার্যক্রমে বেআইনি হস্তক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনীতি যুক্ত করছেন।

অ্যাটর্নি জেনারেল তার চিঠিতে উল্লেখ করেছেন, বেন গাভিরের কর্মকাণ্ড উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করেছে এবং তিনি পুলিশ বাহিনীর পরিচালনায় বেআইনি হস্তক্ষেপ করছেন।

এছাড়া, তিনি বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে অযাচিতভাবে তলব করে অপমান করেছেন এবং বিক্ষোভ দমন নিয়ে পুলিশের ওপর তার নিজস্ব নির্দেশ চাপিয়ে দিয়েছেন।

GOVT

বাহারাভ-মিয়ারা বলেন, মন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ এবং অপসারণের মতো বিষয়ে জড়িত হয়েছেন, যা পুলিশের স্বাধীন কার্যক্রমের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।

অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন, এসব অভিযোগের বিষয়ে বেন গাভিরের জবাব চেয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে। তিনি আরও উল্লেখ করেছেন যে, বেন গাভিরের এ ধরনের কর্মকাণ্ড শাসনব্যবস্থার মৌলিক নীতির ক্ষতি করছে।

অন্যদিকে, বেন গাভির এই অভিযোগগুলোকে “অভ্যুত্থানের চেষ্টা” বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার দাবি তুলেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে।

অন্য এক ঘটনায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ডেপুটি ডিরেক্টর আলন হালিভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি পুলিশি তদন্তের তথ্য জানার চেষ্টা করেছেন। এই ঘটনাতেও আইনের লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেলের ডেপুটি।

ইসরায়েলের বর্তমান সরকার ইতোমধ্যেই সমালোচনার মুখে রয়েছে। এই ধরনের অভিযোগ দেশটির গণতান্ত্রিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তা এখন দেখার বিষয়।

Chokroanimation

Scroll to Top