বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে রেখে কাউন্সিলর মনোনয়নের লক্ষ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী, তিন ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের লক্ষ্যে বোর্ড সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বিসিবি সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোকে তাদের কাউন্সিলরদের মনোনয়ন প্রদানের অনুরোধ জানিয়ে চিঠি ইস্যু করবে। আগামী ১৬ মে মনোনয়ন জমা দেয়ার শেষদিন ধার্য্য করা হয়েছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি অ্যাডহক কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৬৪টি জেলা কোচ পদের জন্য আবেদনকারীদের মূল্যায়ন করতে একটি কমিটি গঠিত হবে। বোর্ড এসকল কোচদের তাত্ত্বিক এবং ব্যবহারিকভাবে মূল্যায়ন করবে।
এছাড়া, বিসিবির আওতাধীন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ গত ৩০ এপ্রিল তারিখে শেষ হয়েছে। তাদের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড।




