বিশ্ববাজারে বেড়ে চলেছে তেলের দাম | চ্যানেল আই অনলাইন

বিশ্ববাজারে বেড়ে চলেছে তেলের দাম | চ্যানেল আই অনলাইন

ইরানের দক্ষিণাঞ্চলের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ব্রেন্ট ক্রুডের দাম এক সময়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও বৃদ্ধি পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের উপকূলে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রে স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যা ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। হামলার পর ইরানের রেভল্যুশনারি গার্ড কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।

পরে কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ফলে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রেই উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Scroll to Top