বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে সাপ্তাহিক হিসাবেও দরপতনের মুখে রয়েছে মূল্যবান ধাতুটি। জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে মুদ্রাস্ফীতি ও দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় বাজারে চাপ তৈরি হয়েছে।
শুক্রবার (১৫ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম শুন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে প্রায় ১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২৫ দশমিক ৭০ ডলারে নেমেছে।
চলতি সপ্তাহে মার্কিন ডলারের মান ১ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সপ্তাহজুড়ে প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে অবস্থান করছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮২ দশমিক ০৮ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শুন্য দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ৪৩ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৩৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।




