বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স | চ্যানেল আই অনলাইন

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স | চ্যানেল আই অনলাইন

ফুটবল মাঠের ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্টিনেজের জীবনের গল্প দেখা যাবে সিনেমায়। আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষককে নিয়ে অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

মার্টিনেজকে নিয়ে বানানো সিনেমার নাম রাখা হয়েছে ‘দিবু মার্টিনেজ: এল পিবে কে আতাজা এল তিয়েম্পো’ যার বাংলা অর্থ ‘যে শিশুটি সময় থামিয়ে দেয়।’ মার্টিনেজের ছোটবেলার ডাকনাম ‘দিবুর’ সঙ্গে মিল রেখেই নামকরণ।

মার দেল প্লাতা থেকে উঠে আসা মার্টিনেজ সাধারণ থেকে কীভাবে বিশ্বসেরা গোলরক্ষক হয়ে উঠলেন সেই গল্প ফুটিয়ে তোলা হবে সিনেমায়। এতে অ্যানিমেশনের পাশাপাশি মার্টিনেজের অপ্রকাশিত সাক্ষাৎকার এবং দুর্লভ ভিডিও ফুটেজও ব্যবহার করা হবে।

মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানানো না হলেও, চলতি বছরের শেষদিকে এটি প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স জানিয়েছে, ‘এই খবরটি গোল সেভ করার মতোই রোমাঞ্চকর। এমন এক কিশোরের গল্প এটি, যে গোলরক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল এবং শেষপর্যন্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম বড় নায়কে পরিণত হয়েছে।’

২০২২ কাতার বিশ্বকাপে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মার্টিনেজ। আলবিসেলেস্তেদের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিস্সিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৩ বর্ষী তারকা।

Scroll to Top