বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬ | চ্যানেল আই অনলাইন

ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ফিরেছে ভারত। টুর্নামেন্ট শেষের একদিন পর এলো সেরা একাদশের নাম। পারফরম্যান্স বিবেচনায় জায়গা করতে পারেননি বাংলাদেশের কেউ, সর্বোচ্চ ৩ জন করে আছেন ভারত ও ইংল্যান্ড থেকে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো উদীয়মান তারকাদের নিয়ে রোববার একাদশ জানিয়েছে আইসিসির চার সদস্য বিশিষ্ট নির্বাচক প্যানেল।

চ্যাম্পিয়ন ভারত থেকে সর্বোচ্চ ৩ জন জায়গা পেয়েছেন। ১৪ বর্ষী বিস্ময়বালক বৈবভ সূর্যবংশী টুর্নামেন্টসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি আইসিসির সেরা একাদশে আছেন অবধারিতভাবেই। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার ৮০ বলে দুর্দান্ত ১৭৫ রানের ইনিংস আলোড়ন তোলে। তার সঙ্গে আছেন কানিষ্ক চৌহান ও হেনিল প্যাটেল। চৌহান ব্যাট ও বল- দুই বিভাগেই ধারাবাহিক অবদান রেখেছেন। প্যাটেল আসরে ১১ উইকেট নেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৬ রান খরচায় শিকার করেছিলেন ৫ উইকেট। সেরা নির্বাচনে তিনি রয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

রানার্সআপ ইংল্যান্ড থেকে ৩ জন জায়গা পেয়েছেন। থমাস রিউ দলটির অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি টুর্নামেন্টে ৩৩০ রান করেছেন ৬৬ গড়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছিলেন। সঙ্গে আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যানি লামসডেন (১৬ উইকেট) এবং সর্বোচ্চ রানসংগ্রাহক বেন মেইস (৪৪৪ রান), যিনি স্কটল্যান্ডের বিপক্ষে ১৯১ রান করেছিলেন।

শ্রীলঙ্কার ভিরান চামুদিথাও জায়গা করে নিয়েছেন। জাপানের বিপক্ষে বিধ্বংসী ১৯২ রানের ইনিংসে খেলেছিলেন ২৬ চার ও এক ছক্কায়। তিনি সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি পৌঁছান।

আফগানিস্তানের সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফয়সাল খান শিনোজাদা ও নূরিস্তানি ওমরজাই দুজনই নির্বাচিত হয়েছেন। ফয়সাল আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেন, ওমরজাই নেন ১৪ উইকেট, তানজানিয়ার বিপক্ষে তার সেরা বোলিং ৯ রান খরচায় ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিক দুই সেঞ্চুরি করেছেন, ওয়েস্ট ইন্ডিজ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও তার ছিল লড়াকু শতরান। পাকিস্তানের পেসার আলি রাজা ১৩.৯২ গড়ে ১৩ উইকেট নিয়ে জায়গা করেছেন একাদশে এবং ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার ভিটেল লজ ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ
বৈবভ সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান শিনোজাদা (আফগানিস্তান), থমাস রিউ (অধিনায়ক ও উইকেটকিপার, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মেইস (ইংল্যান্ড), কানিষ্ক চৌহান (ভারত), নূরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিটেল লজ (ওয়েস্ট ইন্ডিজ), আলি রাজা (পাকিস্তান), ম্যানি লামসডেন (ইংল্যান্ড) ও হেনিল প্যাটেল (ভারত)।

Scroll to Top