আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালি নিজেদের প্রথম আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। যে স্কটিশদের বাছাই পর্বে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আজ্জুরিরা, সেই প্রতিপক্ষের বোলারদের বোলিং তাণ্ডবেই হেরেছে ৭৩ রানে। অবশ্য ইতালির আজকের ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা, তাদের জায়গায় সুযোগ পেয়েছে ইউরোপের দলটি, এবং গড়েছে বেশ কিছু রেকর্ড।
টি-টুয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে প্রথম দল হিসেবে দুইশ রানের কোটা পেরলো স্কটল্যান্ড। বিশ্বকাপেও দলটির সর্বোচ্চ রেকর্ড রান এটি, এর আগের ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে স্কটিশরা করেছিল ১৮০ রান, যা ছিল তাদের বিগত সর্বোচ্চ রান। এছাড়াও বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ রানের জয় এটি। এর আগের রেকর্ডটি, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রানে জিতেছিল তারা।
ইতালি এবং স্কটল্যান্ডের মধ্যকার দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ম্যাচ খেলে ফেলল দুই দল। দুই ইনিংস মিলিয়ে ৩৪১ রান করে, ২০২৩ সালে তাদের ৩৩৫ রানের রেকর্ডটি ভাঙে।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বিশ্বকাপে নবাগত দলটি। ইনির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৭ রান। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় আজ্জুরিরা।
আগে নেমে শুরুটা বেশ ভালো করে স্কটল্যান্ডের দুই ওপেনার মান্সে এবং মাইকেল জোন্স। ওপেনিং জুটিতে তারা যোগ করেন ৮৩ বলে ১২৬ রান, যা বিশ্বকাপের এখন পর্যন্ত স্কটল্যান্ডের সর্বোচ্চ জুটি। একই সাথে ভাঙে দুইটি রেকর্ড, প্রথমটি ওপেনিং এবং দ্বিতীয়টি যেকনো উইকেট জুটিতে এটা বিশ্বকাপে স্কটিশদের সর্বোচ্চ।
মান্সে তার বিধ্বংসী ইনিংসে ১৩টি চার ও ২ ছক্কায় ৫৪ বলে করেন ৮৪ রান। এছাড়াও তিনি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার যিনি তিনটি ফিফটি বা এর অধিক রান করেছেন। তিনি স্কটিশদের হয়ে বাউন্ডারিতে সর্বোচ্চ রান করার মালিক, এ ম্যাচে চার এবং ছক্কায় করেছেন ৬৪ রান। এমনকি তার এ বিধ্বংসী ইনিংসের উপরে ভর করে রিচি বেরিংটনের ২৩৯২ রানের রেকর্ড ভেঙে ২৪০৫ রান করে স্কটল্যান্ডের সর্বাধিক রানের মালিক হয়েছেন মান্সে।
বাকি স্কটিশ ব্যাটারদের মধ্যে জোন্স করেন ৩০ বলে ৩৭ রান। বেরিংটন ১৫ করে সাজঘরে ফিরেন। ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৮ বলে অপরাজিত ৪১ এবং মাইকেল লিস্ক অপরাজিত ২২ রান করেন।
ইতালির হয়ে আলী হাসান, গ্রান্ট স্টুয়ার্ট, টমাস ড্রাকা এবং জেজে স্মাটস ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে অ্যান্টনি মোসকা ১৩, স্মাটস ২২, হ্যারি মানেন্টি ৩৭ এবং বেন মানেন্টি ৫২ রান করেন। আজ্জুরিদের আর কোন ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
স্কটিশদের হয়ে লিস্ক ৪ ওভারে ১৭ রান খরচায় ৪ উইকেট নেনে। মার্ক ওয়াট ২টি, ব্র্যাড কারি, ব্র্যাড হুইল এবং অলিভার ডেভিডসন ১টি করে উইকেট নেনে। মান্সে ৪টি ক্যাচ ধরে বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার মাইলফক ছুঁয়েছেন।



