বিশ্বকাপের বাকি আর কেবল মাস তিনেক। ফিফার সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। ব্রাজিলও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে দুটি প্রীতি ম্যাচ। তবে এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলের মূল গোলকিপার অ্যালিসন বেকারকে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
দলে অ্যালিসনের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
চলতি মাসের ২৬ তারিখ ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাও বাহিনী আর ৩১ তারিখ মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচে অ্যালিসন না থাকায় তার জায়গায় গোলরক্ষক হুগো সোসাকে দলে নেয়া হয়েছে।
চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন অ্যালিসন। গত ১০ মার্চ যেমন পেশির সমস্যায় গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি ৩৩ বর্ষী এ গোলরক্ষক। একই সমস্যায় গত তিন মৌসুমে ৫০টি ম্যাচ মিস করেছেন তিনি।



