
ঢাকা, ১ মার্চ – মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে পড়া এসব যাত্রীর খোঁজখবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন।
মন্ত্রীর পরিদর্শন ও সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে কল করে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরিফুল হক চৌধুরী জানান, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আরও ৮০০ যাত্রীর থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া ওমানের মাস্কাটগামী ফ্লাইটের জন্য সিলেট থেকে আসা ৫৩ জন যাত্রীর ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। তাদের পরদিন এসি বাসে সিলেটে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়, যার ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত রয়েছে।
এনএন/ ১ মার্চ ২০২৬




