বিমানবন্দরের যাত্রীদের দুর্ভোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

বিমানবন্দরের যাত্রীদের দুর্ভোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিমান চলাচল স্থগিত হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের বিষয়ে সরাসরি খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন করেন।

ফোনালাপে প্রধানমন্ত্রী যাত্রীদের ভোগান্তি, খাবার ও থাকার ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, কোনো যাত্রী যেন অবহেলার শিকার না হন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, তিনি সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও ৮০০ জনের জন্য থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। পাশাপাশি বাতিল হওয়া ওমানের মাস্কাটগামী ফ্লাইটের ৫৩ জন যাত্রীকে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের সেহরির ব্যবস্থা করা হয়েছে। পরদিন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তাদের সিলেটে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ সমন্বিতভাবে যাত্রীদের সহায়তা কার্যক্রম চালু রাখতে হবে। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও বিদেশগামী যাত্রীদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখতে তিনি সংশ্লিষ্টদের বলেন।

উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Scroll to Top