
প্রতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার পর থেকে বিতর্ক লেগেই থাকে। কখনো ডিআরএস না থাকা, ব্রডকাস্টিং নিয়ে সমস্যা কিংবা বাজে আম্পায়ারিং। এসব যেন বিপিএলের সাথে একই বিন্দুতে মিলে গেছে। তবে এবারের বিপিএলকে সামনে রেখে দারুণ প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পুরো আসরজুড়ে ডিআরএস থাকবে এবার, সেই সাথে তিনজন বিদেশি আম্পায়ারও পরিচালনা করবেন ম্যাচ।
এবারের আসরে দেশি আম্পায়ার থাকবেন মোট ৯ জন, ম্যাচ রেফারি থাকবেন ৬ জন। এছাড়াও তিন বিদেশি আম্পায়ার ইংল্যান্ডের ডেভিড মিলনস, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার থাকবেন।
দেশি ৯ আম্পায়ার হলেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।
জানা গেছে, বিদেশি আম্পায়াররা প্রতি ম্যাচ পরিচালনার জন্য ৫০০ ডলার করে পাবেন। এবারের আসর থেকে দেশি আম্পায়ারদের ম্যাচ ফি পঁচিশ হাজার টাকা থেকে ত্রিশ-বত্রিশ হাজার করা হতে পারে।



