বড়পর্দায় বিনামূল্যে ‘রইদ’, ‘মাস্তুল’সহ ছয়টি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন দর্শক! ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে আগামী ৯ থেকে ১১ আগস্ট জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৯ আগস্ট (রবিবার) বিকেল ৫টায়।
উৎসবের উদ্বোধনের পর বিকেল ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট (সোমবার) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ক্লাসিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন সদ্য মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।
শেষ দিন ১১ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, উৎসবের সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ফলে কোনো টিকিট ছাড়াই দর্শকরা বড়পর্দায় সমসাময়িক ও কালজয়ী এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।
এদিকে চলচ্চিত্র উৎসবকে ঘিরে ৭ আগস্ট (শুক্রবার) আয়োজন করা হয়েছে একটি বিশেষ সেমিনারেরও। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক আলোচনা।
শিল্পকলার মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান এবং এস এম ইমরান হোসেন।



