
ঠাকুরগাঁও, ২ আগস্ট – বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ভালো কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয় জয় করতে হবে। ক্ষমতায় আসার দোহাই দিয়ে কারও ওপর প্রভাব বিস্তার করা বা জোরপূর্বক কিছু ছিনিয়ে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ দাম্ভিকতা এবং সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তাই আমাদের সবাইকে বিনয়ী হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে।
রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা মোটেও সঠিক নয়। ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। ধর্ম নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা উচিত। তিনি আরও বলেন, এই রাষ্ট্র সবার এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের সমান অধিকার রয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। একদিকে যেমন ভৌত অবকাঠামো উন্নয়ন হবে, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত এবং সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সবার ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন।
দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা জেল-জুলুম সহ্য করেছেন। অবশেষে সুদিন ফিরে এসেছে।
ঠাকুরগাঁও আধুনিক হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা হবে। বিশেষ করে কিডনি রোগীদের সুবিধার্থে একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে যাতে তাদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা চেয়ারম্যান বা মেম্বার হতে চান, তাদের জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, মানুষ ধর্ম নিয়ে দুর্বল থাকে, কিন্তু সেই দুর্বলতাকে ব্যবহার করা যাবে না। অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।
এনএন/ ২ আগস্ট ২০২৬






