
নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের ঢাকা–সিলেট মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে সয়াবিন তেলবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম রনি হোসেন (২৫)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই জানায়, আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রনি হোসেন ডাকাতির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি ঘটনায় জড়িত আরও কয়েকজন সহযোগীর নাম ও তথ্য দেন। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।
৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই আরও জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস গ্রেপ্তার হওয়া রনি হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভাড়া নেওয়া হয়েছিল। ওই মাইক্রোবাস ব্যবহার করেই রনি হোসেন ও তার সহযোগীরা ডাকাতির ঘটনাটি ঘটান।
দীর্ঘদিন আত্মগোপনে থাকায় একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় পিবিআই।
নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ জানান, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জের সিটি মিল থেকে ৬০ ড্রাম ভোজ্যতেল বোঝাই একটি ট্রাক এলেঙ্গার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ইউএস বাংলা মেডিক্যাল কলেজের কাছে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস দিয়ে পথরোধ করা হয়। এরপর ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৬–৭ জন ব্যক্তি ট্রাকচালক ও হেলপারকে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে অন্য গাড়িতে তুলে নেয়। পরে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেলসহ ট্রাকটি নিয়ে তারা নরসিংদীর দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় ট্রাকের মালিক পংকজ কুমার সাহা রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে ন্যস্ত করা হয়। তদন্ত শেষে এই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬




