আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে আসা বিদেশি অতিথিদের জন্য বিশেষ প্রোটোকল ব্যবস্থা নিশ্চিত করছে নির্বাচন কমিশন (ইসি)।
এই দায়িত্ব পালনের জন্য কমিশনের বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মকর্তাকে জনসংযোগ শাখায় সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রোটোকল টিমে যারা থাকছেন:
অফিস আদেশ অনুযায়ী, ইসি সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এই টিম গঠন করা হয়েছে।
টিমের উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম (উপপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়), মোহাম্মদ সোহাগ (মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), মো. আবুল খায়ের রনি (প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়), আজিমুল ইসলাম (প্রোগ্রামার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট), মো. সেলিম উল আলম (প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), খ. ম. আরিফুল ইসলাম, সহকারী প্রধান (গবেষণা ও প্রকাশনা), নির্বাচন কমিশন সচিবালয়, আমিনুল ইসলাম (প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), মোহাম্মদ সাইদুর রহমান (সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), হাসান আল মাহমুদ (সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), মো. শুভ আল হোসাইন (সহকারী পরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), মো. নাইম ইসলাম (সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), মো. সোলায়মান কবীর (সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়), মো. সোলায়মান (সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়), শাহরিয়ার খান (সহকারী প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়) ও এস এম সাদমান সাকিব (সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়)।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ব্যাপক আন্তর্জাতিক আগ্রহ দেখা যাচ্ছে।
সচিবের দেওয়া তথ্য অনুযায়ী—
বিদেশি পর্যবেক্ষক : এখন পর্যন্ত ২৬টি দেশ ও ৭টি সংস্থার ৩৩০ জনের বেশি পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশি পর্যবেক্ষক : ইতিমধ্যে সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।
আবাসন : আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের জন্য রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ আবাসন ও মিডিয়া সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।




