গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, বিজ্ঞাপনটি আগেই সরিয়ে ফেলা উচিত ছিল।
ট্রাম্প লেখেন, ‘তাদের উচিত ছিল ওই বিজ্ঞাপন অবিলম্বে সরিয়ে ফেলা। কিন্তু তারা গত রাতেও ওয়ার্ল্ড সিরিজে সেটি চালিয়েছে। তারা জানত যে এটা প্রতারণা।’
ট্রাম্প এখন আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও গিয়েছেন সেখানে।
ওই সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে বৈঠকের কোনো ইচ্ছা তাঁর নেই বলে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেছেন ট্রাম্প।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন। ট্রাম্পের ওই উদ্যোগের পর জি–৭ ভুক্ত একমাত্র দেশ কানাডা, যাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত শুল্ক বিষয়ে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি।



