
তামিলনাড়ু, ২ মার্চ – দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা থালাপতি বিজয়ের ২৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে ভাঙনের সুর বেজেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম সম্প্রতি বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন বলে খবর চাউর হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, নায়কের সদ্য শুরু হওয়া রাজনৈতিক ক্যারিয়ারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না।
বিশ্লেষকরা মনে করছেন, বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ মূলত তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সুশৃঙ্খল পারিবারিক ইমেজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তামিলনাড়ুর সাধারণ ভোটারদের কাছে নেতার ব্যক্তিগত নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই এই বিচ্ছেদ তার রক্ষণশীল ভোটব্যাংকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিবাহবিচ্ছেদের সঙ্গে যদি অন্য কোনো অভিযোগ যুক্ত হয়, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তবে রাজ্যের তরুণ ভোটার বা জেন-জি প্রজন্মের কাছে বিষয়টি ভিন্ন। তারা বিজয়ের ব্যক্তিগত জীবনের চেয়ে তার রাজনৈতিক আদর্শ, দুর্নীতিবিরোধী অবস্থান এবং তামিল গর্বের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
অতীতে এম জি রামচন্দ্রন বা জয়ললিতার মতো তারকারাও ব্যক্তিগত ও আইনি সংকট কাটিয়ে রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। এখন দেখার বিষয়, পর্দার সেনাপতি বিজয় বাস্তবের এই রাজনৈতিক ও ব্যক্তিগত ঝড় কীভাবে সামাল দেন।
এনএন/ ২ মার্চ ২০২৬





