বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই – DesheBideshe

বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই – DesheBideshe

বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই – DesheBideshe

ঢাকা, ১৭ মার্চ – জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এবং নরওয়ে সরকার বাংলাদেশের বিচার খাতের সংস্কার ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিতে একটি চুক্তিতে সই করেছে।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিচার সংস্কার সুসংহতকরণ ২০২৬ শীর্ষক এই উদ্যোগ বাস্তবায়নে নরওয়ে দূতাবাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মূল লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পরিচালনগত সক্ষমতা বাড়ানো এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই অংশীদারিত্বের আওতায় সুপ্রিম কোর্ট সচিবালয়কে কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সরঞ্জাম সরবরাহ করবে ইউএনডিপি ও নরওয়ে। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সচিবালয়ের নবনিযুক্ত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

বিচারিক স্বাধীনতার বিষয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে এই প্রকল্পের অধীনে বিচার বিভাগ, সরকার, আইনজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের মধ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, মেধাভিত্তিক বিচারক নিয়োগ এবং নাগরিককেন্দ্রিক সেবা সম্প্রসারণসহ বিচার খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ বেশ অগ্রগতি অর্জন করেছে।

নরওয়ের সাথে এই নতুন অংশীদারিত্ব সংস্কারগুলোকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে। অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, গণতান্ত্রিক শাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিচারিক স্বাধীনতা অত্যন্ত জরুরি।

চলমান সংস্কারগুলোকে সুসংহত করতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে নরওয়ে আনন্দিত। এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং জনগণের আস্থাভাজন একটি বিচার ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬



Scroll to Top