বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল মনি এমপি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চারশ বছরের ঐতিহ্য ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রীতি ও উগ্রবাদবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা মৌলবাদে বিশ্বাস করি না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষও মৌলবাদে বিশ্বাস করে না। আমরা মৌলবাদহীন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়েই এই দেশকে এগিয়ে নিতে চাই।
বক্তব্য শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
উদ্বোধনের পর হাজারো ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে রথযাত্রা শুরু হয়। ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব প্রস্তুতি।




