বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী দল নিয়ে সরকার গঠনের ঘোষণা জামায়াতের | চ্যানেল আই অনলাইন

বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী দল নিয়ে সরকার গঠনের ঘোষণা জামায়াতের | চ্যানেল আই অনলাইন

আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । তিনি বলেন, জাতিকে বিভক্ত না করে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান তারা।

শুক্রবার ২৮ নভেম্বর সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের জামায়াত আয়োজিত যুব–ছাত্র–নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান দাবি করেন, তাদের দলের দুর্নীতি, চাঁদাবাজি বা জনগণের সম্পদ লুটের অভিজ্ঞতা নেই। একই সঙ্গে ফ্যাসিবাদ এখনো ‘ফেসি’ রূপে দেশে টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রোজার আগে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ যার প্রতি আস্থা রাখবে, তাকে নির্বাচিত করবে। আর জনগণ যদি জামায়াতকে বেছে নেয়, তবে সব রাজনৈতিক শক্তিকে নিয়ে সরকার গঠন করা হবে।

জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে ‘দুশমন’ আখ্যা দিয়ে তিনি বলেন, পুরোনো রাজনীতির বদলে নতুন ফর্মুলায় দেশ চালানোর সময় এসেছে। জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিপুল ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা এলেও জনগণ তার পূর্ণ সুফল পায়নি। দেশেই বিপুল সম্পদ থাকার পরও বাংলাদেশ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি।

ডা. শফিকুর রহমান জানান, জামায়াত কখনো দেশ ছেড়ে পালায়নি। নির্যাতন ও কারাবরণ সত্ত্বেও তারা দেশের মাটিতেই ছিল এবং দেশপ্রেম থেকেই সংগ্রাম করে যাচ্ছে।

Scroll to Top