বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আহনাফ তাহমীদ খান রাইয়ানসহ তার পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাইয়ানের মরদেহ শনাক্ত করেন তার স্বজন ও সহপাঠীরা। নিহত রাইয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির (২০২৫-২৬ সেশন) সাবেক সভাপতি ছিলেন। এই দুর্ঘটনায় তার মা ও শিশু ভাগনেও প্রাণ হারিয়েছেন। তবে রাইয়ানের বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়। এর ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ এবং ২ জন শিশু। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

Scroll to Top