জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা করে বাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিক প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর সভাপতিত্বে চলা এই বৈঠকে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে আলোচনার ভিত্তিতে তা কমিয়ে প্রায় ১১ পয়সা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৪ পয়সা হতে পারে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানাতে শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। এবারও একই কারণে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



