আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে আগের দিনের মতো গতকালও বার্ষিক পরীক্ষা হয়নি।
দুপুরের পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে গিয়ে জানা যায়, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা হয়নি।
দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে পৌনে ৭০০-এর মতো। এর মধ্যে নতুন করে জাতীয়করণ হওয়া তিন শতাধিক বিদ্যালয়ও রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, মূলত পুরোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়নি।
বার্ষিক পরীক্ষার মধ্যে কর্মবিরতির কারণে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে গতকাল রাতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই ৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁদের ন্যায্য দাবিদাওয়া সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি।


