যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বর্ণবাদী ভিডিও নিয়ে পরোক্ষভাবে মন্তব্য করেছেন। তিনি এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, আগে সরকারি দায়িত্বে থাকা মানুষের মধ্যে যে লজ্জা ও শালীনতা ছিল, এখন তা অনেকটাই হারিয়ে গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
ওই ভিডিওতে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে দেখানো একটি অংশ ছিল, যা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দল থেকেই সমালোচনা হয়। শুরুতে হোয়াইট হাউস বিষয়টিকে “ভুয়া ক্ষোভ” বলে দাবি করলেও পরে বলা হয়, এটি এক কর্মীর ভুলে পোস্ট হয়েছিল এবং পরে মুছে ফেলা হয়।
লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে ৪৭ মিনিটের সাক্ষাৎকারে ওবামা সরাসরি ট্রাম্পের নাম না নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এমন আচরণে উদ্বিগ্ন। তিনি বলেন, এসব বিষয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে ঠিকই, কিন্তু এগুলো আসলে বড় বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেয়।
ওবামা আরও বলেন, দেশে ঘুরে তিনি এখনো অনেক মানুষের সঙ্গে দেখা করেন যারা ভদ্রতা, সম্মান ও মানবিকতায় বিশ্বাস করে। তবে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে এক ধরনের “বিদ্রূপাত্মক পরিবেশ” তৈরি হয়েছে, যেখানে আগে যে শালীনতা আশা করা হতো, তা এখন আর দেখা যাচ্ছে না।
এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভিডিওতে ওবামাদের নিয়ে যে অংশ ছিল, তিনি তা দেখেননি। ক্ষমা চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোনো ভুল করেননি।




