বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ | চ্যানেল আই অনলাইন

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ | চ্যানেল আই অনলাইন

কলকাতার কেওড়াতলা মহাশ্মশান-এ সম্পন্ন হলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর শেষকৃত্য। বাবার মুখাগ্নি করল তারই ১৩ বছরের ছেলে সহজ; এক হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী থাকল উপস্থিত সবাই।

সোমবার বিকেলে মা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর হাত ধরে শ্মশানে পৌঁছায় সহজ। চারদিকে ভিড়, শোকস্তব্ধ পরিবেশ—সবকিছুর মাঝেও নীরব, স্থির ছিল কিশোরটি। যেন মুহূর্তেই বড় হয়ে ওঠার কঠিন বাস্তবতার মুখোমুখি সে।

শেষকৃত্যের সময় বাবার প্রতি শেষ দায়িত্ব পালন করে সহজ। বিকেল সাড়ে ৫টার দিকে চুল্লিতে প্রবেশ করানো হয় রাহুলের মরদেহ। পুরো সময়টাতেই নিশ্চুপ ছিল সহজ, চোখেমুখে ছিলো গভীর শোকের ছাপ।

শেষকৃত্য শেষে অস্থিভস্ম সঙ্গে নিয়ে মা-ছেলে শ্মশান ত্যাগ করেন। তাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। পরে বাবুঘাটে গঙ্গায় ভাসানো হয় রাহুলের অস্থিভস্ম।

রবিবার হঠাৎ দুর্ঘটনায় রাহুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। এই কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে সবটা সামলানোর চেষ্টা করছেন প্রিয়াঙ্কা।

Scroll to Top