নুহাশ হুমায়ূন জানালেন, সিনেমার বিনিয়োগ–সংক্রান্ত বিষয়গুলো দেখছেন প্রযোজক। তিনি সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা–সংশ্লিষ্ট কাজগুলো নিয়েই ভাবছেন। নুহাশ বলেন, ‘আমার কাছে মনে হয়, গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নাই। আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দিই। আমি তো শর্টফিল্ম, ওয়েবের কাজ করেছি কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছি। মুভিং বাংলাদেশ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি। কাজও এগিয়ে নিচ্ছি।’
কবে থেকে সিনেমাটির শুটিং করতে চান, জানতে চাইলে নুহাশ বলেন, ‘চিত্রনাট্য শতভাগ ঠিক না হলে কোনো কাজই বানাতে চাই না। সবার আগে আমি নিজেই চিত্রনাট্য নিয়ে খুশি থাকতে চাই। আমার জায়গা থেকে কাজ শেষ পর্যায়ে। আমার সিনেমার প্রযোজকেরা আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন।’
সিনেমা প্রযোজক আরিফ জানান, এটা কোনো রাজনৈতিক গল্প নয়। দেশের তরুণদের কথা বলবে সিনেমাটি। এটি সব সময়ের জন্যই প্রাসঙ্গিক একটি গল্প। আগামী বছর শুটিংয়ে যেতে চান তাঁরা।



