প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই চাপ দিচ্ছেন। তাঁর দাবি, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা কমালে মস্কোর আয় কমবে, যুদ্ধও দ্রুত শেষ হবে। সে জন্য ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাকে রুশ তেল কেনার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। কিন্তু যুদ্ধ থামার ক্ষেত্রে অগ্রগতি তেমন একটা নেই। এ কারণে ট্রাম্প একরকম বিরক্ত, যদিও তাঁর প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার প্রথম দিনেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করবেন।
ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটির পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।
এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। তারপর অবশ্য ট্রাম্প আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু হিসেবে সম্বোধন করেন। ৫০ শতাংশ শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক আলোচনা চলছে। ভারতের আশাবাদ, চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়ে যাবে।



