নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর কমানোর পাশাপাশি এ খাতের বিনিয়োগকারীদের জন্য কর ছাড়ের প্রস্তাব রাখা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ আমদানিতে ২৫ থেকে ৮৯ শতাংশ পর্যন্ত শুল্ক-কর দিতে হয়। আগামী বাজেটে এসব পণ্যের করহার কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর ছাড়ের সুবিধাও বিবেচনায় রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের কর অবকাশের মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলো প্রথম পাঁচ বছর সম্পূর্ণ করমুক্ত সুবিধা পাবে। এরপর তিন বছর ৫০ শতাংশ এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ কর ছাড় পাবে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি-নির্ভরতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে আরও উৎসাহিত হবে।
একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে ইভি আমদানির ওপর বিদ্যমান প্রায় ৯০ শতাংশ করহার কমানোর চিন্তাও রয়েছে সরকারের। পাশাপাশি দেশে ইভি উৎপাদন উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়, ভ্যাট রেয়াত ও আয়কর সুবিধা দেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রণোদনা বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।



