
ঢাকা, ৫ মার্চ – বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উভয় পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন তারা। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রতিনিধি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়।
এনএন/ ৫ মার্চ ২০২৬





