বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ-এর মধ্যে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এ সময় দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ঈদের আগের দিন শুক্রবার অনুষ্ঠিত এই ফোনালাপের তথ্য জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলাপে শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য, কূটনীতি ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি।

ফোনালাপে দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয় নেতা।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Scroll to Top