বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অন্টারিওতে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহ্ আলম খোকন অন্টারিওর রাষ্ট্রাচার প্রধান (চিফ অব প্রটোকল) মিজ ভেরোনিকা প্যান্টনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় চিফ অব প্রটোকল কনসাল জেনারেলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
বৈঠকে অন্টারিওতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, বাংলাদেশ–কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পারস্পরিক সফর বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চিফ অব প্রটোকল ভেরোনিকা প্যান্টন উল্লেখ করেন, নিউইয়র্কের পর টরন্টোতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কনস্যুলার মিশনের উপস্থিতি রয়েছে। তিনি টরন্টোর কনস্যুলার কোরের জন্য অন্টারিও সরকারের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কনসাল জেনারেলকে আমন্ত্রণ জানান।
এ সময় কনসাল জেনারেল শাহ্ আলম খোকন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১৪ এপ্রিল ২০২৬ পহেলা বৈশাখ উদযাপনে অংশগ্রহণের জন্য মিজ প্যান্টনকে আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে কনসাল জেনারেল অন্টারিওর রাষ্ট্রাচার প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তাঁর সফরকালে পূর্ণ আতিথেয়তা প্রদানে কনস্যুলেট জেনারেলের প্রস্তুতির কথা জানান।




