বাংলাদেশে সেল তৈরির চেষ্টা করছে আল-কায়েদা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ – DesheBideshe



ঢাকা, ১৩ আগস্ট – আফগানিস্তানে আল-কায়েদার সাংগঠনিক শক্তি ও অবস্থান বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং সংগঠনটির ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস এখন একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বাংলাদেশে একিউআইএস-এর নতুন সেল বা সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে যে, একিউআইএস এখন আর কেবল একটি খণ্ডিত গোষ্ঠী নয়, বরং তারা ছোট ও বিচ্ছিন্ন সেল গঠন করে তাদের রসদ সরবরাহ এবং আর্থিক নেটওয়ার্ক শক্তিশালী করেছে। সংগঠনটি বাংলাদেশকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহারের পরিকল্পনা করছে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে একিউআইএস-এর কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে গত বছরের নভেম্বরে দিল্লির লাল কেল্লায় হামলার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ৯ মে পাকিস্তানের বান্নুতে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলার জন্য এই গোষ্ঠীটিকে দায়ী করা হয়। সেই হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।

গোয়েন্দা তথ্যানুযায়ী, একিউআইএস-এর শীর্ষ নেতৃত্ব বর্তমানে কাবুলে অবস্থান করছে এবং তাদের তালেবান সরকারের পক্ষ থেকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হয়েছে যা দুই সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘাতের কারণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে।

তালেবান প্রকাশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করলেও তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে সমর্থন দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর আশঙ্কা, এই অস্থিতিশীল পরিস্থিতি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে যা অদূর ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬



Scroll to Top