ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি, নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বৃদ্ধি পাবে।’
জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে। ভালো ও মন্দ। বেশির ভাগ প্রতিবেশীই মনে করে, ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে। ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষশ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে এই বার্তাই তিনি দিয়ে এসেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গত বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির বাংলাদেশ সফর। সংক্ষিপ্ত সফরে খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা তুলে দেন তিনি।



