
ঢাকা, ১১ আগস্ট – বাংলাদেশের পোশাক খাতের অন্যতম বৃহৎ ক্রেতা পোল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড এলপিপি তাদের ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রতিষ্ঠান এফইএস রিটেইলের বকেয়া সংক্রান্ত জটিলতায় সম্প্রতি এই ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের ক্রয়াদেশ ও সোর্সিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এখন তারা আগের মতোই বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও এলপিপি এসএ এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং এলপিপি এসএর পরিচালক দোরোতা ইয়ানকোভস্কা তোমকুভ স্বাক্ষর করেন।
মঙ্গলবার বিজিএমইএ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তৃতীয় পক্ষের কোনো বিরোধের কারণে যেন বাংলাদেশের ৩৫০টির বেশি পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। এলপিপি সাফ জানিয়ে দিয়েছে যে এফইএস রিটেইলের বকেয়া পরিশোধে তারা আইনিভাবে বাধ্য নয়। তবে এই পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপে তারা সহায়তা করবে।
বিজিএমইএ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কঠিন পরিস্থিতির বিষয়টি উভয় পক্ষই স্বীকার করেছে।
এর আগে এফইএস রিটেইলের কাছে অর্থপ্রাপ্তির দাবিতে এলপিপির ঢাকা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এবং পুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে ব্র্যান্ডটি বাংলাদেশে কার্যক্রম কমানোর হুমকি দিয়েছিল। গত ৩১ জুলাই তারা নতুন ক্রয়াদেশ এবং পণ্য উন্নয়নের কাজ স্থগিত করে।
জানা যায়, বিদায়ী অর্থবছরে এলপিপি বাংলাদেশ থেকে ৭০ কোটি ডলারের পোশাক কিনেছে এবং চলতি অর্থবছরে তাদের ৭৭ কোটি ডলারের পণ্য আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে।
এনএন/ ১১ আগস্ট ২০২৬


