১৭ এপ্রিল বাংলাদেশ সফরে প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দুদিন পর আসবে ঢাকায়। তার আগে দলে পরিবর্তন করতে বাধ্য হল কিউইরা। চোটে ক্রিস্টিয়ান ক্লার্ক ছিটকে গেছেন, পরিবর্তে দলে এসেছেন বেন লিস্টার।
দুবছরের বেশি সময় পর নিউজিল্যান্ড দলে ডাক পেলেন বাঁহাতি পেসার লিস্টার। সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’র বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’র হয়ে ক্যাচ নেয়ার চেষ্টায় ক্লার্কের ডান হাতের আঙুলের মাঝে গুরুতরভাবে কেটে যায়। শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলে আছেন লিস্টারও।
আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজের জন্য রোববার বাংলাদেশে আসবেন লিস্টার। নিউজিল্যান্ড দল সোমবার সকালে পৌঁছাবে।
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ১৭ এবং ২০ এপ্রিল মিরপুরে, শেষটি ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে। এরপর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ, প্রথম দুটি ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে। সিরিজের শেষ ম্যাচ ২মে ঢাকায়।


