শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে লাল-সবুজদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা। এবার টি-টুয়েটি সিরিজেও ঘটেছে একই ঘটনা। এই ফরম্যাটে টাইগারদের সামনে সুযোগ প্রথমবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের। তবে শেষ ম্যাচ নিয়ে চাপ অনুভব করছে শ্রীলঙ্কা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশের লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জয়। বিপরীতে স্বাগতিক হিসেবে সিরিজ হার এড়ানোর মতো চাপ আছে লঙ্কানদের ওপরও।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জয়সুরিয়া বলেছেন, ‘মাত্রই উইকেট দেখলাম। আমরা সবসময় সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক চেয়েছি। আশা করছি ভালো ব্যাটিং উইকেট হবে। তবে এখনও আমরা জানি না। কাল দেখতে হবে।’
সিরিজের শেষ ম্যাচে বাড়তি চাপ অনুভব করছেন না জানিয়ে লঙ্কান কোচ বলেছেন, ‘এটা আসলে চাপ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখনও পর্যন্ত। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। ক্রিকেটে সবসময়ই চাপ থাকে। শেষ ম্যাচ, এখন ১-১ আছে। শ্রীলঙ্কার লোকজন যারা ক্রিকেট ভালোবাসে তারা চায় শ্রীলঙ্কা ভালো করুক। প্লেয়াররাও চায় ভালো খেলতে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে।’






