গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। অবশ্য ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটে অনিশ্চয়তা যা ছিল, সবই মাঠের বাইরের বিষয়ে। ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। আবার একেবারে খারাপও ছিল না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে ছেলেরা, আবার সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। মেয়েদের দল নাটকীয়ভাবে বাছাইপর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেয়ে যায়, তবে মূল পর্বে শুধু পাকিস্তানকেই হারাতে পেরেছে তারা।
বছরের শেষ দিকে এসে এই নারী ক্রিকেটই বিতর্কের জালে আটকেছে। দলের বাইরে চলে যাওয়া পেসার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলে তোলপাড় ফেলেছেন। শুধু নারী ক্রিকেট কেন, বছরের শেষ প্রান্তে এসে বিতর্কের মধ্যে পড়েছে ঘরোয়া ক্রিকেটও। বিসিবি নির্বাচন নিয়েও জল কম ঘোলা হয়নি। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে এক পক্ষ নির্বাচন বর্জন করে, নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনের বছরে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। আগের সভাপতি ফারুক আহমেদকে বিতর্কিতভাবে সরানোর পর মে মাসের শেষে দায়িত্ব নেন আমিনুল। সেই ফারুকই আবার অক্টোবরের নির্বাচনে পরিচালক হয়ে ফিরেছেন বিসিবিতে, হয়েছেন সহসভাপতিও।



