বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ইলেকট্রনিক (ই-ভিসা) সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভ্রমণকারীরা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একবারেই ভ্রমণ বুকিং, ই-ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান এবং মেক্সিকোর নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আর দূতাবাসে গিয়ে আলাদাভাবে ভিসার আবেদন করতে হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সি যেমন রিজারভাল ও আলমোসাফের এর মাধ্যমে বুকিং সম্পন্ন করলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে ই-ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।
নতুন ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সেখানে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের ভ্রমণ প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
তবে এই প্যাকেজের আওতায় মক্কা বা মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো বিশেষ সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইভেন্টের টিকিট বা অন্যান্য বিনোদনমূলক সেবাও বুকিংয়ের সঙ্গে যুক্ত করার সুযোগ থাকবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এ কর্মসূচির আওতায় আনা হবে এবং সেবার পরিধি ও মান আরও উন্নত করা হবে।




